রংপুরে ১০টি বন্দুক উদ্ধার

রংপুরে তাজহাট মেট্রোপলিটন থানার দর্শনা এলাকায় ১০টি একনলা বন্দুক ও ৩৬ রাউন্ড রাবার কার্তুজ উদ্ধার করেছে যৌথবাহিনী। গত সোমবার মধ্যরাতে নগরীর দর্শনা শুঁটকির আড়তসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বন্দুক ও কার্তুজ উদ্ধার করা হয়। রংপুর মহানগর পুলিশের (আরপিএমপি) মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মিডিয়া ফোকাল পয়েন্ট ও উপপুলিশ কমিশনার মারুফ আহমেদ এসব তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুঁটকির আড়তসংলগ্ন সীমানা প্রাচীরঘেরা একটি বাগানের ভেতরে পুলিশ ও সেনাবাহিনী পরিত্যক্ত অবস্থায় দুটি সাদা প্লাস্টিকের বস্তা জব্দ করে। এ সময় সেটির মুখ খুলে বন্দুক ও কার্তুজ উদ্ধার করে এবং পরে তা তাজহাট থানায় হস্তান্তর করে যৌথবাহিনী। এই অভিযানে তাজহাট থানা-পুলিশের এসআই নাজমুল হাসান মোল্লাসহ সঙ্গীয় ফোর্স এবং সেনাবাহিনীর রংপুর ক্যাম্পের একটি দল অংশ নেয়।

এ বিষয়ে মেট্রোপলিটন তাজহাট থানার ওসি শাজাহান আলী জানান, অস্ত্রগুলো কারা নিয়ে এসেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। দায়ীদের চিহ্নিত করে গ্রেপ্তার করার প্রয়োজনে পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে। তবে সার্বিক বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রংপুর মেট্রোপলিটন উপপুলিশ কমিশনার মারুফ আহমেদ বলেন, এ ঘটনায় তাজহাট থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। অস্ত্রগুলো কোথা থেকে এসেছে এবং কারা সেখানে ফেলে রেখে গেছে, তা উদঘাটনে তদন্ত চলছে।

বগুড়ায় সড়কের পাশে মিলল ৮৩ রাউন্ড তাজা গুলি : বগুড়ায় শহরের তিনমাথা-সাতমাথা সড়কের কামারগাড়ি এলাকা থেকে ৮৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে সড়কের পাশের ফুটপাত থেকে গুলিগুলো উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি লাল রঙের প্যাকেট উদ্ধার করে ডিবি। পরে প্যাকেটটি খুলে পয়েন্ট ২.২ বোরের ৮০ রাউন্ড এবং শটগানের ৩ রাউন্ড গুলি পাওয়া যায়।

ডিবি পুলিশ আরও জানায়, উদ্ধার হওয়া ২.২ বোরের গুলি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবহার করে না। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা গুলিগুলো সড়কের পাশে ফেলে রেখে গেছে। এ ছাড়া লং ব্যারেলের অস্ত্র সাধারণত অস্ট্রিয়া, জার্মানি, রাশিয়া ও তুরস্কে তৈরি হয় বলেও জানিয়েছে পুলিশ।