পরাজয় মেনে নিতে আপত্তি নেই: আবু বাকের মজুমদার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার বলেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডাকসু ও হল সংসদে যাদেরকে নিজেদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছেন, তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন।’

বুধবার এক ফেসবুক পোস্টে তিনি এ কথা জানান। আবু বাকের মজুমদার বলেন, ‘গতকাল উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হলেও কিছু জায়গায় অনিয়ম ও অসঙ্গতির অভিযোগ উঠেছে। তারপরও গণতান্ত্রিক চর্চায় পরাজয় মেনে নিতে আমার কোনো আপত্তি নেই।’

তিনি আরও লেখেন, ‘এই বিশ্ববিদ্যালয়ে প্রতিটি পা ফেলতে গিয়ে আমি শিখেছি। খুব দুঃসময়েও এ ক্যাম্পাসের শিক্ষার্থীদের জন্য সবকিছু বাজি ধরেছি। আমার ছাত্রজীবনের স্বপ্ন ছিলো শেখ হাসিনার পতন, সেটি সফল হয়েছে। যতোদিন এ ক্যাম্পাসে থাকবো, ততোদিন আপনাদের সাথেই আছি।’