ফরিদপুর ৪ আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে দ্বিতীয় দিনের মত ভাঙ্গার মহাসড়ক অবরোধ কর্মসূচি চলছে। ফলে ঢাকা খুলনা, ঢাকা- বরিশাল এবং ফরিদপুর বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সকাল আটটা থেকে ফরিদপুর ভাঙ্গায় মহাসড়কের পুখুরিয়া, সদরদী ও মহাসড়কের সুয়াদিয়া নামক স্থানে রাস্তায় গাছের গুড়ি ফেলে টায়ার জ্বালিয়ে শত শত বিক্ষুব্ধ মানুষ অবস্থান নিয়েছে। এতে করে দ্বিতীয় দিনেও সড়ক অবরোধের ফলে সকাল থেকে দক্ষিণাঞ্চলের ২১ জেলার সাথে সব ধরনের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ফলে দুর্ভোগের মধ্যে পড়েছে যাত্রীরা।
আন্দোলনকারীদের দাবি, ফরিদপুর ৪ আসন থেকে দুটি ইউনিয়নকে পুনরায় ফিরিয়ে দেয়া না হলে, তাদের এই আন্দোলন চলবে। প্রয়োজনে রক্ত দিবে তবুও ভাঙ্গার আলগি ও হামিদদী ইউনিয়নের এক অংশ জমিও তারা দিবে না।
এদিকে এই অবরোধের ফলে মহাসড়কের তিন পাশে অসংখ্য যানবাহন অবস্থান করছেন। এসব যানবাহনে যাত্রী সাধারণ, মালামাল এবং শিশুরা চরম ভোগান্তির মধ্যে পড়েছে। তারা বলছেন তাদের স্পষ্ট দাবি নির্বাচন কমিশন থেকে যতক্ষণ পর্যন্ত নতুন করে গেজেট না হবে, ততক্ষণ পর্যন্ত তারা এই সড়ক অবরোধ চালিয়ে যাবেন। এদিকে মহাসড়ক অবরোধের দ্বিতীয় দিনে প্রতিটি স্থানে প্রথম দিনের তুলনায় আন্দোলনকারীদের উপস্থিতি কম দেখা যায়।
উল্লেখ্য, ফরিদপুর ৪ সংসদীয় আসন থেকে দুটি ইউনিয়ন কেটে নিয়ে ফরিদপুর ২ সংসদীয় আসন (নগরকান্দা- সালথা) অন্তর্ভুক্ত করা হয়। ফলে বিক্ষুব্ধ হয়ে ওঠে ফরিদপুর ৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিদদী ইউনিয়ন সহ সর্বস্তরের মানুষ।
অপরদিকে, ফরিদপুর ৪ আসনটি আগের অবস্থানে ফিরিয়ে দিতে কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক ও এমপি প্রার্থী শহিদুল ইসলাম বাবুল হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করেছেন। যে রিট পিটিশনটি এখন শুনানির জন্য অপেক্ষায় রয়েছে।
এ বিষয়টি নিয়ে কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সাথে কথা হলে তিনি বলেন, দীর্ঘদিন ধরে ফরিদপুর চার আসনটি ভাঙ্গা সদরপুর এবং চরভদ্রাসন উপজেলা নিয়ে গঠিত রয়েছে। এমতাবস্থায় হঠাৎ করে ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন আলগি এবং হামিরদিকে ফরিদপুর ২ আসন সালথা নগরকান্দার সাথে যুক্ত করার কারণে এই এলাকার মানুষ মেনে নিতে পারছে না। যে কারণে এই আসনটি পূর্বের অবস্থায় ফিরিয়ে দিতে এবং শান্তিপূর্ণভাবে সমাধান করার লক্ষে হাইকোর্টে একটি পিটিশন দাখিল করেছি। আমি আশা করছি এই এলাকার জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে এবং নির্বাচন কমিশন একটি সুন্দর সমাধান দিবেন।