এশিয়া কাপের স্কোয়াডে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে বাদ দেওয়ার সিদ্ধান্তে পাকিস্তান ক্রিকেটে চলছে তুমুল আলোচনা। দেশটির দুই তারকা ব্যাটার নিয়মিত রান করলেও তাদের ব্যাটিং টেম্পো নিয়ে দীর্ঘদিন ধরেই সমালোচনা হচ্ছিল। এবার সাবেক অধিনায়ক ও কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামও সমর্থন দিলেন নির্বাচকদের সিদ্ধান্তকে।
সনি স্পোর্টসে কথা বলতে গিয়ে আকরাম বলেন, “আমার মনে হয় দলটা এখন ঠিকঠাক করছে। বাবর ও রিজওয়ানকে চার–পাঁচ বছর ধরে যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে। তারা ভালো করেছে, তবে ধারাবাহিকভাবে সেরাটা দিতে পারেনি। তাই নতুন ছেলেদের সুযোগ দেওয়াই স্বাভাবিক।”
তিনি আরও যোগ করেন, “বাবর নেই, রিজওয়ানও নেই। ধারণাটা হলো ওদের ছেড়ে এগিয়ে যাওয়া, তরুণদের সুযোগ দেওয়া। ওরা এখনো ধারাবাহিক নয়, কিন্তু মানসিকতা ঠিক আছে। হারের ভয় নেই। যখন হারের ভয় থাকে, তখন চাপের মুখে ভেঙে পড়তে হয়। এই ছেলেরা হয়তো হারবে, তবে ওদের মনোভাব সাহসী। আমার মনে হয়, সালমান আগা একজন ভালো অধিনায়ক।”
সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজও বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে স্পষ্ট মত দিলেন। তার মতে, এ দুজনকে পাকিস্তানের ‘কী প্লেয়ার’ বলা অন্যায়। ইউটিউব চ্যানেলে হাফিজ বলেন, “ওদের কী প্লেয়ার বলা ঠিক নয়। কী প্লেয়ার হলো তারা, যারা পাকিস্তানকে ম্যাচ জিতিয়ে দেয়। বাবর আজম ও রিজওয়ান এই মুহূর্তে পাকিস্তান ক্রিকেটের কী প্লেয়ার নয়।”
হাফিজ আরও বলেন, “গত দেড়-দুই বছরে যে খেলোয়াড়রা ধারাবাহিকভাবে পারফর্ম করেছে, তারা হলো সালমান আলি আগা, সাইম আইয়ুব আর হাসান নবাজ। কেন আমরা ওদের নিয়ে কথা বলছি না? পাকিস্তানকে বর্তমানে ম্যাচ জেতাচ্ছে এই ছেলেরাই।”
শুক্রবার ওমানের সঙ্গে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবে পাকিস্তান। তাদের গ্রুপের অন্য দুই দল পাকিস্তান ও আমিরাত।