‘মাদক কারবারি সন্ত্রাসীদের জনতার দলে ঠাঁই নেই’

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের জনতার দলে ঠাঁই নেই বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামীম কামাল চৌধুরী। তিনি বলেন, ‘অনেক সাবেক মন্ত্রী-এমপি জনতার দলে যোগ দেওয়ার কথা জানিয়েছিলেন কিন্তু তাদের আমরা দলে নিইনি। কারণ তাদের অতীত বিতর্কিত। তারা বিভিন্ন ধরনের অপকর্মের সঙ্গে জড়িত ছিল।’

গতকাল বুধবার দুপুরে কালীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলা জনতার দল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামীম কামাল চৌধুরী বলেন, ‘ডাকসু নির্বাচনে যাদের ভূমিধস বিজয় হওয়ার কথা ছিল, তারা পরাজিত হয়েছে। ১০ বছর পরপর আমাদের দেশে একটি রাজনৈতিক দল আসে এবং ঝাঁটা পেটা করে বের হয়। এ রাজনীতি করে কোনো লাভ নেই। আমি মন্ত্রী হলাম, এমপি হলাম কিন্তু পাঁচ বছর পর সরকারের সঙ্গে আমাকে বোরকা পরে পালিয়ে যেতে হয়; তাহলে এ রাজনীতি করে কী লাভ?’

জনতার দলের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. আযম খান বলেন, ‘১৯৭১ সালে আমরা পেয়েছিলাম ভৌগোলিক স্বাধীনতা কিন্তু কথা বলার স্বাধীনতা পাইনি। এবার আমাদের তরুণ প্রজন্ম রক্ত দেওয়ার মাধ্যমে বাকস্বাধীনতা ফিরিয়ে এনেছে।’

গাজীপুরের পুলিশ এবং প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘৩০ দিনের মধ্যে কালীগঞ্জের সব মাদক কারবারি ও সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় তাদের গাজীপুরে অন্যত্র চলে যেতে হবে।’

জনতার দলের কালীগঞ্জ উপজেলা কমিটির আহ্বায়ক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও দলের ভাইস চেয়ারম্যান রাহেলা পারভীন শিশিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন জনতার দল কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মাহবুবুল আলম, লেফটেন্যান্ট জেনারেল (অব.) সাব্বির আহমেদ প্রমুখ।