ইন্টারকন্টিনেন্টাল কাপের দ্বিতীয় আসরের সূচি ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের প্রধান নিয়ন্ত্রক সংস্থা ফিফা। চলতি বছরের সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এই আন্তঃমহাদেশীয় টুর্নামেন্টের দ্বিতীয় আসর। ফিফা ক্লাব বিশ্বকাপের পর এটাই বড় আসর হতে যাচ্ছে। টুর্নামেন্টের কাঠামো থাকবে আগের মতোই।
আগামী ১৪ সেপ্টেম্বর, কায়রোতে প্রাথমিক পর্বের ম্যাচে মুখোমুখি হবে আফ্রিকান প্রতিনিধি মিসরীয় ক্লাব ‘পিরামিডস এফসি’ এবং ওশেনিয়ার প্রতিনিধি নিউজিল্যান্ডের ‘অকল্যান্ড সিটি’। এ ম্যাচের জয়ী দল ২৩ সেপ্টেম্বর সৌদি আরবের জেদ্দায় এশিয়ান চ্যাম্পিয়ন আল আহলির বিপক্ষে খেলবে। অন্যদিকে ১০ ডিসেম্বর দক্ষিণ আমেরিকার (কনমেবল লিবার্তাদোরেস) চ্যাম্পিয়ন দল খেলবে উত্তর ও মধ্য আমেরিকার (কনকাকাফ) চ্যাম্পিয়ন ক্রুজ আজুল-এর বিপক্ষে।
এই ম্যাচটি ‘ডার্বি অব দ্য আমেরিকাস’ নামে পরিচিত। ডার্বির জয়ী দল খেলবে আল আহলি বনাম পিরামিডস/অকল্যান্ড সিটির ম্যাচজয়ীর সঙ্গে ১৩ ডিসেম্বর চ্যালেঞ্জার কাপ সেমিফাইনালে। আর এই ম্যাচের জয়ী দল ১৭ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ইন্টারকন্টিনেন্টাল কাপ ফাইনালে মুখোমুখি হবে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি)।
তবে ব্রাজিলের কোনো ক্লাব যেমন- ফ্ল্যামেঙ্গো, পালমেইরাস বা সাও পাওলো যদি ফাইনালে ওঠে, তাহলে তাদের ঘরোয়া লিগ শেষ হওয়ার মাত্র তিন দিন পর ফের মাঠে নামতে হবে। এতে সূচি নিয়ে জটিলতা তৈরি হতে পারে। এখনও ফাইনাল ও সেমিফাইনালের ভেন্যু চূড়ান্ত করেনি ফিফা। তবে প্রাথমিক দুই ম্যাচের ভেন্যু ঠিক করা হয়েছে—কায়রো (পিরামিডস বনাম অকল্যান্ড সিটি) এবং জেদ্দা (আল আহলি বনাম পিরামিডস/অকল্যান্ড সিটি)।
সূচি:
১৪ সেপ্টেম্বর: পিরামিডস বনাম অকল্যান্ড সিটি (কায়রো)
২৩ সেপ্টেম্বর: আল আহলি বনাম পিরামিডস/অকল্যান্ড সিটি (জেদ্দা)
১০ ডিসেম্বর: ডার্বি অব দ্য আমেরিকাস (কনমেবল বনাম ক্রুজ আজুল)
১৩ ডিসেম্বর: চ্যালেঞ্জার কাপ (সেমিফাইনাল)
১৭ ডিসেম্বর: ইন্টারকন্টিনেন্টাল কাপ ফাইনাল (পিএসজি বনাম সেমিফাইনাল জয়ী)