কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শহিদুল্লাহ হল ছাত্রলীগ শাখার সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি হেদায়েত উল্লাহ সরকার (৪০) ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন (৫৮) ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শরিফ হাসান অনু (৫৩) ও বরগুনা জেলার তালতলী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ. রাজ্জাক (৪৭)।
ডিবি সূত্রে জানা যায়, বুধবার রাত ১১টার দিকে ডিবি-লালবাগ বিভাগের একটি টিম কোতয়ালী থানার যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে হেদায়েত উল্লাহ সরকারকে গ্রেপ্তার করে। পরে রূপনগর থানা এলাকায় অভিযান চালিয়ে গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করে ডিবি-সাইবার স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগ।
ডিবি সূত্রে আরও জানা যায়, বুধবার বিকেলে ডিবি-গুলশান বিভাগের একটি টিম কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানাধীন পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে শরিফ হাসান অনুকে গ্রেপ্তার করে। অন্যদিকে একই তারিখ রাত আনুমানিক ১১টায় রমনা থানা এলাকায় অভিযান চালিয়ে রাজ্জাককে গ্রেপ্তার করে রমনা বিভাগ।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।