বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ছাত্রনেতা নাদিমুল হক এলেম হত্যা মামলায় যুবলীগ নেতা মো. হেদায়েতুল ইসলাম আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর বংশাল থানার সিক্কাটুলী লেন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সিআইডির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার হেদায়েতুল ইসলাম আমিন (৪৯) ওই এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে ও স্থানীয় কমিশনার ইলিয়াসের ঘনিষ্ঠ সহযোগী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার হেদায়েতুল ইসলাম আমিনকে সূত্রাপুর থানার মামলায় অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। গত বছর ১৯ জুলাই পুরান ঢাকার কবি নজরুল কলেজের মোড় সংলগ্ন পাতলা খান লেনে গুলিবিদ্ধ হয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী ও শেখ বোরহান উদ্দিন কলেজের সাবেক শিক্ষার্থী নাদিমুল হক এলেম নিহত হন। ঘটনার পর নিহতের মা কিসমত আরা বাদী হয়ে শেখ হাসিনাসহ ৮৯ জনকে এজাহারনামীয় আসামি করে সূত্রাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। একই ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. শামসুল আলম আরেফিন সূত্রাপুর থানায় মামলা দায়ের করেন।
বর্তমানে মামলাটির তদন্ত করছে সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগ। গ্রেপ্তার হেদায়েতুল ইসলাম আমিনকে বিজ্ঞ আদালতে সোপর্দ ও রিমান্ডের আবেদনসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।