কিশোরীকে ধর্ষণের ঘটনায় দুইজনের যাবজ্জীবন ও একজনের ১০ বছরের জেল 

‎ফরিদপুরে ১৩ বছরের এক কিশোরীকে  ধর্ষণের অভিযোগে দুই যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ডের রায় দিয়েছেন আদালত। একই মামলায় অপর এক আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডের রায় দিয়েছেন আদালত। 

‎বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ আদেশ দেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার যোগিবরাট গ্রামের মো. সজীব শেখ (২৬) ও  মো. সোহেল মোল্লা (২৫)। ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি হলেন, একই গ্রামের মো. ইয়াসিন মোল্লা (২৪)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। 

‎মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৩০ জুলাই রাতে কিশোরী মুখে পানি দিতে টিউবয়েলে গেলে ওই তিন যুবক তাকে জোর করে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে কিশোরীর মা মেয়েকে খুঁজতে গিয়ে  এক আসামির বাড়ির উঠানে তাকে দেখতে পাই। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে হাসপাতালে ভর্তি করে। ‌ ‎এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে ওই তিন আসামির বিরুদ্ধে মামলা করে।

‎এ বিষয়ে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, আমরা রাষ্ট্রপক্ষ মামলার এ রায়ে সন্তুষ্ট হয়েছি। এ মামলা একটি উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে ধর্ষকদের জন্য।