চট্টগ্রাম ইপিজেডে চীনা কোম্পানির বিনিয়োগ

চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান ডিরেকশন টেকনোলজি (বাংলাদেশ) কোম্পানি লিমিটেড চট্টগ্রাম ইপিজেডে ব্লুটুথ ও তারযুক্ত হেডফোন এবং ডেটা ক্যাবল তৈরির কারখানা স্থাপন করতে যাচ্ছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি বেপজার সঙ্গে একটি বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করেছে। ডিরেকশন টেকনোলজির এই বিনিয়োগ বাংলাদেশের প্রথাগত পোশাক ও বস্ত্র শিল্পের ওপর নির্ভরতা কমিয়ে বেপজার রপ্তানি তালিকাকে আরও বৈচিত্র্যময় করবে, যা ইপিজেডে প্রযুক্তিভিত্তিক পণ্যের উৎপাদনে নতুন মাত্রা যোগ করবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং ডিরেকশন টেকনোলজি (বাংলাদেশ) কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লি ফানফান গতকাল বৃহস্পতিবার এ চুক্তিতে স্বাক্ষর করেন।

ডিরেকশন টেকনোলজি এ প্রকল্পে ৩০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে এবং এর ফলে ৪৭৮ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তারযুক্ত হেডফোন, ব্লুটুথ হেডফোন ও ডেটা ক্যাবলের মতো পণ্যে বিনিয়োগ প্রমাণ করে যে বাংলাদেশ এখন উচ্চমূল্য সংযোজিত প্রযুক্তিভিত্তিক শিল্পায়নের দিকে এগিয়ে যাচ্ছে এবং দেশের ক্রমবর্ধমান ইলেকট্রনিকস খাতকে আরও শক্তিশালী করছে।

ডিরেকশন টেকনোলজিকে বেপজার নতুন সদস্য হিসেবে স্বাগত জানিয়ে বেপজার নির্বাহী চেয়ারম্যান বলেন, বাংলাদেশ বিশ্বব্যাপী পোশাক শিল্পের জন্য পরিচিত হলেও বেপজা রপ্তানি পণ্যের বহুমুখীকরণে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, এই বিনিয়োগ ইলেকট্রনিকস খাতে একটি নতুন পণ্য যোগ করেছে, যা বৈচিত্র্যময় শিল্পের প্রতি বেপজার আগ্রহের প্রতিফলন।