বৃষ্টি বেড়ে কমবে তাপমাত্রা

আগামীকাল শনিবার সন্ধ্যার মধ্যে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। ফলে বৃষ্টিপাত আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ শুক্রবার সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানা গেছে। পূর্বাভাস মতে, ঢাকায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এই সময়ে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এদিকে দেশের ওপর মৌসুমী বায়ুর সক্রিয়তা কিছুটা বেড়েছে। এতে দেশে বৃষ্টিপাতের ব্যাপ্তি ও তীব্রতাও কিছুটা বেড়েছে বৃহস্পতিবার। কিছুটা কমেছে ভ্যাপসা গরম‌ও।

আবহাওয়া অধিদপ্তর জানায়, শুক্রবার‌ও পরিস্থিতি কমবেশি এক‌ই রকম থাকতে পারে। তবে আগামী সোমবার থেকে সারা দেশে বৃষ্টিপাতের তীব্রতা আবারও বাড়তে পারে।

গতরাতে প্রকাশিত সারা দেশের পূর্বাভাসে বলা হয়, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।