ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নাটকীয় উত্তেজনায় ভরপুর এক ম্যাচে শেষ বলে ১ রানে জয় পেয়েছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। আর এই রোমাঞ্চকর জয়ের নায়ক ছিলেন বারবাডোজেরই সন্তান জেসন হোল্ডার। দীর্ঘ এক দশক বারবাডোজ রয়্যালসের হয়ে খেলা এই অল-রাউন্ডার এবার প্রতিপক্ষের জার্সিতে নিজ জন্মভূমির দলের প্লেঅফের স্বপ্ন গুঁড়িয়ে দিয়েছেন নিজের ব্যাট-বল দুই হাতেই দাপট দেখিয়ে।
আজ শুক্রবার বাংলাদেশ সময় সকালে বারবাডোজের ব্রিজটাউনে ম্যাচটি অনুষ্ঠিত হয়। টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৫০ রান তোলে প্যাট্রিয়টস। ইনিংসের শুরুটা ছিল মন্থর—মোহাম্মদ রিজওয়ান ৩৯ রান করলেও অন্য ব্যাটাররা ছিলেন ব্যর্থ। তবে ইনিংসের গতি বদলে দেন হোল্ডার। মাত্র ৩০ বলে ৫ ছক্কায় ৫৩ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে লড়াকু সংগ্রহ এনে দেন তিনি। নাভিন বিদাইসি করেন ২৩ বলে ৩০ রান।
১৫১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বারবাডোজ রয়্যালসের ব্যাটাররা বারবার ব্যর্থ হন। ওপেনার ব্র্যান্ডন কিং করেন ২২ বলে ২৯, কুইন্টন ডি কক ২২ বলে ২২, এরপর শেরফেন রাদারফোর্ড (২০ বলে ২৫) ও রভম্যান পাওয়েল (১৩ বলে ১৬) কেউই ইনিংস লম্বা করতে পারেননি। শেষ দিকে একাই লড়াই করে দলের আশা টিকিয়ে রাখেন রাসি ফন ডার ডুসেন।
শেষ দুই ওভারে রয়্যালসের প্রয়োজন ছিল ২৬ রান। নাসিম শাহর ১৯তম ওভারে ১২ রান আসলেও শেষ বলে ফন ডার ডুসেনের সহজ ক্যাচ ফেলে দেন মিকাইল লুইস, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারত। শেষ ওভারে জয়ের সমীকরণ দাঁড়ায় ১৪ রানে। প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে উত্তেজনা বাড়ান ফন ডার ডুসেন। পরের চার বলে আসে ৬ রান। শেষ বলে প্রয়োজন হয় ২ রানের।
হোল্ডারের করা শেষ বলটি ছিল দুর্দান্ত এক ইয়র্কার। অনেক দূর থেকে ছুটে এসে নিখুঁত ইয়র্কার করেন তিনি, যা ব্যাটে না লেগে ড্যানিয়েল স্যামসের প্যাডে আঘাত করে। আম্পায়ার আঙুল তোলার সঙ্গে সঙ্গে উল্লাসে দৌড়ে বেড়িয়ে পড়েন হোল্ডার। ব্যাটার ড্যানিয়েল স্যামস রিভিউ নিলেও লাভ হয়নি। ম্যাচসেরা পারফরম্যান্সে ৫৩ রানের ইনিংস, দুই উইকেট এবং শেষ বলে রুদ্ধশ্বাস জয়ে নায়ক বনে যান হোল্ডার।