কালীগঞ্জে ধর্ষণের শিকার ৫ বছরের শিশু, তিন কিশোর আটক

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় ধর্ষণের শিকার হয়ে পাঁচ বছর বয়সী এক শিশু বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন। এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ তিন কিশোরকে আটক করেছে।

ভুক্তভোগী শিশুটির মা জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে তাঁর মেয়ে প্রতিবেশীর বাড়িতে খেলতে গিয়েছিল। এ সময় পাশের বাড়ির তিন কিশোর তাকে খেলার কথা বলে ডেকে নিয়ে একটি ঘরে ধর্ষণ করে। এরপর তিনি পাশের বাড়িতে গিয়ে মেয়ের কান্নার শব্দ শুনে ভেতরে ঢোকেন। তখনই ওই তিন কিশোর পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। পরে তিনি মেয়েকে উদ্ধার করে কালীগঞ্জ থানায় নিয়ে আসেন।

কালীগঞ্জ থানা কর্তৃপক্ষ শিশুটিকে চিকিৎসার জন্য দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠায়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেছেন, ধর্ষণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন কিশোরকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান।

হাসপাতালের সিনিয়র নার্স আবদুল ওয়াজেদ জানান, ধর্ষণের (যৌন নিপীড়নের) ঘটনা নিয়ে শিশুটিকে গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। তার রক্তক্ষরণ হচ্ছে। শিশুটি অনেক অসুস্থ।

ভুক্তভোগী শিশুটির মা অভিযোগ করেন, এই দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। উল্টো যারা তার অবুঝ ছোট্ট মেয়ের ওপর এই নিষ্ঠুর ক্ষতি করেছে, তাদের হয়ে উপজেলার প্রভাবশালীরা তাকে কথা বলতে নিষেধ করছে এবং ভয় দেখাচ্ছে।