জাকসুর দায়িত্ব পালনের সময় শিক্ষিকার মৃত্যুতে জামায়াত আমিরের শোক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনার দায়িত্ব পালনের সময় শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভোট গণনার সময় চারুকলা বিভাগের সহকারী অধ্যাপিকা জান্নাতুল ফেরদৌস মৌমিতা হঠাৎ মারা গেছেন। তিনি যোগ করেন, ‘‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’’

ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘‘আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামীন তাকে ক্ষমা করুন এবং জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। তার পরিবার, সহকর্মী ও প্রিয়জনদের ধৈর্য ধরার তাওফিক দান করুন। আমিন।’’

প্রসঙ্গত, শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে গণনার কাজে অংশ নিতে গিয়ে চারুকলা বিভাগের লেকচারার জান্নাতুল ফেরদৌস হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।