জাবি শিক্ষিকার মৃত্যুতে জামায়াত আমির ও শিবির সভাপতির শোক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্র সংসদ নির্বাচনের ভোট গণনাকালে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস মৌমিতা আকস্মিকভাবে মারা যান। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) নিজ নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তারা এ শোক প্রকাশ করেন।

জামায়াত আমির ডা. শফিকুর রহমান তার পোস্টে বলেন, ‘আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’ তিনি দোয়া করে বলেন, ‘আল্লাহ রব্বুল আলামিন তাকে ক্ষমা করুন এবং জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। তার পরিবার, সহকর্মী, প্রিয়জন ও আপনজনকে আল্লাহ তা’য়ালা ধৈর্য ধরার তাওফিক দান করুন।’

এদিকে ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ‘মহান আল্লাহ তাকে ক্ষমা করুন। জান্নাত নসিব করুন। পরিবার-পরিজন, সহকর্মী, শিক্ষার্থীসহ সবাইকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।’

উল্লেখ্য, জাকসু নির্বাচনে প্রীতিলতা হলের পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন  শিক্ষক জান্নাতুল ফেরদৌস মৌমিতা। শুক্রবার সকালে ভোট গণনা সংক্রান্ত কার্যক্রমে অংশ নিতে তিনি জাবি ক্যাম্পাসে পৌঁছালে নির্দিষ্ট কক্ষের দরজার সামনে এসেই পড়ে যান। এরপর তাৎক্ষণিকভাবে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।