জেন-জিদের আন্দোলনের জেরে প্রধানমন্ত্রী পদ থেকে ইতিমধ্যেই ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন কেপি শর্মা ওলি। এই পরিস্থিতিতে দেশটিতে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী নিয়োগের জন্য তৎপরতা শুরু হয়েছে। এই সম্ভাব্য তালিকায় সবার শীর্ষে রয়েছেন জেন-জিদের পছন্দের প্রার্থী দেশটির প্রথম ও একমাত্র সাবেক মহিলা প্রধান বিচারপতি সুশীলা কার্কি।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।
দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধান কে হবেন, তা নির্ধারণ করতে জেন-জি বিক্ষোভকারী, সেনাবাহিনী এবং প্রেসিডেন্টের মধ্যে বুধবার থেকেই আলোচনা শুরু হয়েছে।
বিক্ষোভকারীদের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র বালেন শাহ এবং নেপালের সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম প্রস্তাব করা হয়েছিল। তবে বালেন শাহ তার নাম প্রত্যাহার করেছেন। পরে আলোচনায় আরেকটি নাম উঠে আসে, তিনি হলেন নেপালের বিদ্যুৎ সংকট সমাধানকারী প্রকৌশলী কুল মান ঘিসিং। তবে এখনো পর্যন্ত চূড়ান্তভাবে কারও নাম প্রকাশ করা হয়নি। এর কারণ হিসেবে বলা হচ্ছে, সরকার প্রধান নির্ধারণ নিয়ে জেন-জি বিক্ষোভকারীদের মধ্যেই মতবিরোধ দেখা দিয়েছে।
গতকাল মধ্যরাত পর্যন্ত রাষ্ট্রপতির বাড়িতে বৈঠক চলে। উপস্থিত ছিলেন সেনা প্রধান ও সুশীলা কারকি। সেখানেই অন্তর্বর্তী সরকারের প্রধান পদে দায়িত্ব গ্রহণে রাজি হন সুশীলা। সূত্রের খবর, আজ দুপুরেই শপথ গ্রহণ করতে পারেন সুশীলা কারকি।
রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল এবং সেনাপ্রধান অশোক রাজ সিগডেলের সঙ্গে আলোচনার পরে নাম প্রকাশে অনিচ্ছুক একজন সংবিধান বিশেষজ্ঞ বলেন, সুশীলা কার্কিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হবে। জেন-জিরা তাকে চান। আজই এটি ঘটবে।