রাজধানীতে নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

রাজধানীর কদমতলী থেকে রেখসানা বেগম নামে এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে কদমতলীর মুরাদপুর হাজী লাল মিয়া সরদার রোডের  ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রেখসানা বেগম (৪২) পটুয়াখালীর গলাচিপা উপজেলার সুতাবাড়িয়া গ্রামে হাতেম হাংয়ের মেয়ে। 

কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) কামরুন নাহার জানান, সকালে ট্রিপল নাইনে ফোন কলে পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে থেকে প্লাস্টিকের বস্তাবন্দি একটি মরদেহ উদ্ধার করে। মরদেহের মুখমণ্ডল অর্ধগলিত ছিল। তাছাড়া শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন ছিল না। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এসআই জানান, আঙ্গুলের ছাপের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত হয়েছে। পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে ঘটনার বিস্তারিত জানা যাবে।