কক্সবাজারে ফুটবল খেলায় বিশৃঙ্খলা, ইউএনওসহ আহত ২০

কক্সবাজারে একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শুরুর আগে দর্শক ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে সদর উপজেলার ইউএনও নিলুফা ইয়াসমিনসহ অন্তত বিশ জন আহত হয়েছেন। 

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ওই দিন বিকেলে রামু ও টেকনাফ উপজেলার মধ্যে ফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল। ম্যাচ শুরুর আগেই স্টেডিয়ামটি দর্শকে পরিপূর্ণ হয়ে যায়। এ সময় অনেক দর্শক গেট ভেঙে ভেতরে প্রবেশ করতে থাকেন। সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সদস্যরা তাদের বের করতে গেলে উত্তেজনা তৈরি হয়।

একপর্যায়ে গ্যালারি থেকে আইনশৃঙ্খলা বাহিনীর দিকে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এ সময় ইউএনওসহ অনেকে আহত হন। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিকেল পাঁচটার দিকে পরিস্থিতি শান্ত হয়। তবে খেলা আর শুরু হয়নি।