গত বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুর কলেজ রোড়ের গুদারাঘাট সংলগ্ন এলাকায় কালীগঞ্জ থানা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক ঢাকার ডাক পত্রিকার সাংবাদিক জাকারিয়া আল মামুনের ওপর একদল সশস্ত্র সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী হামলা চালায়। হঠাৎ এই হামলায় তিনি গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শীদের মতে, হামলাকারীরা পূর্বপরিকল্পিতভাবে মাহমুদুল হাসান ও ফাহিম এর নেতৃত্বে ৭/৮ জন ঘটনাস্থলে এসে মোটর সাইকেলের গতিরোধ করে সাংবাদিক মামুনকে লক্ষ্য করে রেন্স ও রড দিয়ো এলোপাতাড়ি আঘাত করে তার সাথে থাকা মটরবাইক ও নগদ টাকা নিয়ে যায়।
ঘটনার পরপরই গাজীপুর ও কালীগঞ্জ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আহত সাংবাদিক মামুনকে দ্রুত উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা সরকারী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন।
চিকিৎসকরা জানান, তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলেও বর্তমানে চিকিৎসা চলছে।
সাংবাদিকের উপর আক্রমণের ঘটনায় কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম জানান, সাংবাদিকের ওপর এই নৃশংস হামলার তীব্র নিন্দা জানাই। মহান আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য দান করেন।
এদিকে গাজীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি রিপন আনসারি, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলামসহ গাজীপুরে জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাংবাদিক নেতৃবৃন্দ হাসপাতালে এসে মামুনের শারিরিক অবস্থা দেখেন।
কালীগঞ্জ থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকসহ সকল সদস্য, কালীগঞ্জ টেলিভিশন ক্লাব সভাপতি, কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও সাংবাদিক সমাজসহ স্থানীয় জনগণ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো আলাউদ্দিন জানান, পুলিশও ঘটনার তদন্ত শুরু করেছে এবং হামলাকারীদের গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে।