আবদুল গাফ্ফার, আশরাফ উদ্দীন আহমেদ চুন্নু ও শেখ মোহাম্মদ আসলাম- দেশের ফুটবলের তিন কিংবদন্তির একসঙ্গে সাক্ষাত পাওয়া গেল হঠাৎই। ফুটবলের এ তিন প্রিয় মুখ এক হয়েছেন ফুটবলের স্বার্থেই। ঢাকা ক্লাব লিমিটেডের ১১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ক্লাবটির স্পোর্টস গ্রাউন্ডে আয়োজন করা হয়েছে ফাইভ-এ সাইড ফুটসাল টুর্নামেন্টের। শুক্রবার দুদিন ব্যাপী টুর্নামেন্টটির উদ্বোধনী অনুষ্ঠানে এক হয়েছিলেন এ কিংবদন্তিরা।
আয়োজনটির পরিকল্পনাও আবদুল গাফফারের মস্তিষ্কপ্রসূত। দেশ রূপান্তরকে তিনি জানান, ‘তরুণ প্রজন্মের অনেকেই ঢাকা ক্লাবের সদস্য হয়েছেন। আমি চাচ্ছি তাদেরকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে। নতুন এই মাঠে যদি তারা খেলাধুলা করে তাহলেও মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে এবং অন্যান্য অপকর্ম থেকে তারা বিরত থাকবে। এই চিন্তা থেকেই এই টুর্নামেন্টটি করা হয়েছে। এবং এটি অব্যাহত থাকবে। আগামী দিনে ঢাকা শহরসহ সারা বাংলাদেশে যেসব ক্লাব আছে, তাদের নিয়ে আরও বড় করে টুর্নামেন্ট করা হবে।’
জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত কিংবদন্তি ফুটবলার চুন্নু জানান, ‘ঢাকা ক্লাবের মতো একটি ঐতিহ্যবাহী ক্লাব একটি সুন্দর ফুটসালের আয়োজন করেছে। আমি অভিনন্দন জানাই কর্তৃপক্ষকে এ রকম একটি টুর্নামেন্ট আয়োজন করার জন্য। আশা করি এই টুর্নামেন্ট ভবিষ্যতে অব্যাহত থাকবে।’
আয়োজনের উদ্বোধন করে ঢাকা ক্লাবের সভাপতি শামীম হোসেন বলেন, ‘আমাদের প্রায় ৫০-৬০ জন তরুণ সদস্যদের নিয়ে এতো সুন্দর একটি আয়োজন সম্ভব হয়েছে কারণ এর পেছনে আছেন দেশের তিন কিংবদন্তি ফুটবলার। আমাদের পরিকল্পনা রয়েছে অন্যান্য ক্লাবগুলোকে নিয়ে আরও বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজন করার। আর সেটি হতে পারে কক্সবাজারে, যেখানে খেলা হবে সাগরপাড়ে, অর্থাৎ বিচ সকার। খুব সম্ভবত আগামী শীতের মধ্যেই এ আয়োজনটি করা হবে। কিংবদন্তিদের উপস্থিতিতি তরুণরাও আরও অনুপ্রাণিত হবেন, বিশেষ করে যারা আবাহনী-মোহামেডানের ফুটবল উত্তেজনা দেখেনি তারা।’
ঢাকা ক্লাবের সদস্যদের টাইগার্স, জাগুয়ার্স, প্যানথার্স, ইগলস ও লায়নস নামে ৫টি দলে ভাগ করে পরিচালিত হচ্ছে টুর্নামেন্টটি। উদ্বোধনী ম্যাচে নিসর্গ ও জিয়নের গোলে ২-০ ব্যবধানে টাইগার্সকে হারায় জাগুয়ার্স। লিগ ও প্লেঅফ পর্ব শেষে শনিবার রাতে ফাইনাল দিয়ে পর্দা নামবে এ টুর্নামেন্টের।