রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা

ভূমিকম্পে কেঁপে উঠেছে  রাশিয়ার কামচাটকা অঞ্চলের পূর্ব উপকূল। অঞ্চলটিতে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হেনেছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ভূতাত্তিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য নিশ্চিত করেছে।

ইউএসজিএস জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি থেকে ১১১ দশমিক ৭ কিলোমিটার (৬৯ দশমিক ৩ মাইল) পূর্বে এবং ৩৯ কিলোমিটার গভীরে।

এই ঘটনায় সুনামির সতর্কতা জারি করা হয়েছে। প্যাসিফিক সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ৩০০ কিলোমিটারের (১৮৬ মাইল) মধ্যে উপকূলে ‘বিপজ্জনক’ঢেউ আছড়ে পড়তে পারে।

গত জুলাইয়ে একই অঞ্চলে আঘাত হানে ৮ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প।