মাছধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৩ জেলে দগ্ধ

পটুয়াখালীর মহিপুরে খাপড়াভাঙ্গা নদীতে নোঙর করা একটি মাছধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন জেলে অগ্নিদগ্ধ হয়েছেন। 

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মহিপুর মৎস্য বন্দর এলাকার আলমগীর মৃধার তেলের ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধ জেলেদের মধ্যে গুরুতর আহত হয়েছেন জহির হোসেন (৫৫)। তার শরীরের প্রায় ৫৫ শতাংশ পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুই জেলে শহিদুল ইসলাম (৩০) ও সাইফুল ইসলাম (৩০) মহিপুরে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শী জেলে আবদুল মালেক বলেন, আমরা ট্রলারের পাশে কাজ করছিলাম। হঠাৎ বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরিত হয়। আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনি। না হলে পুরো ট্রলার পুড়ে যেত।

আরেক জেলে জাকির হোসেন বলেন, বিস্ফোরণের পর আমরা চিৎকার শুনে দৌড়ে যাই। জহির ভাইয়ের শরীরের বড় অংশ তখন আগুনে দগ্ধ হয়েছে। উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, নামবিহীন ফারুক মাঝির ট্রলারটি খাপড়াভাঙ্গা নদীতে নোঙর করা অবস্থায় ছিল। সকালে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। অগ্নিদগ্ধ জেলেদের বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

এ বিষয়ে মহিপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) অনিমেশ হালদার বলেন, বিষয়টি আপনাদের মাধ্যমে অবগত হয়েছি। খোঁজখবর নিচ্ছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।