চাকরির প্রলোভনে প্রতারণা

টাকা ফেরত চাওয়ায় গলাকেটে হত্যা করা হয় আমিনুলকে

চাকরির প্রলোভনে প্রতারণার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন কুমিল্লার বুড়িচং উপজেলার এক যুবক। পরে তার গলাকাটা লাশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের একটি বালুর নিচ থেকে উদ্ধার করে পুলিশ। নিহত যুবকের নাম আমিনুল ইসলাম (২৭)। তিনি কুমিল্লার বুড়িচং উপজেলার পারুয়ারা গ্রামের আলি আজমের ছেলে।

এ ঘটনায় র‍্যাব-১১ একজনকে গ্রেপ্তার করেছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) র‍্যাব-১১ কুমিল্লা শাকতলা ক্যাম্পে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম।

মেজর সাদমান জানান, প্রতারক চক্রের সদস্য সিরাজ (২৫) তাকে একটি ভালো চাকরির আশ্বাস দিয়ে প্রায় ১০ লাখ টাকা নেন। টাকা ফেরত না দিয়ে আমিনুল ইসলামকে পরিকল্পিতভাবে হত্যার পরিকল্পনা করেন। সেই অনুযায়ী আমিনুল ইসলামকে কৌশলে ডেকে নিয়ে যান।

অন্যদিকে আমিনুল ইসলাম তার পরিবারের সদস্যদের সিলেট যাওয়ার কথা বলে, গত ৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে বের হন। পরদিন ১০ সেপ্টেম্বর কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মোস্তফাপুর এলাকায় মহাসড়কের পাশে একটি বালুর মাঠ থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

পরে এ ঘটনা ঘটনায় জড়িত থাকার অভিযোগে চান্দিনা উপজেলার বদরপুর গ্রামের বাসিন্দা সজিব (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সজিব হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

অভিযানের সময় হত্যায় ব্যবহৃত একটি হাসুয়া, রক্তমাখা লুঙ্গি এবং নিহতের মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

মেজর সাদমান আরও বলেন, হত্যাকাণ্ডের পর জড়িতরা আত্মগোপনে চলে যায়। তবে গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় র‍্যাব তাদের অবস্থান শনাক্ত করে অভিযানে নামে। এ ঘটনায় অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।