ফিফা উইন্ডোর বিরতির আগে ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের কাছে হেরেছিল আর্সেনাল। বিরতির পর গানার্সরা শনিবার খেলেছে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে। আর্সেনাল ৩-০ তে হারিয়েছে নটিংহ্যামকে। জোড়া গোল করেন স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডার মার্টিন জুবেমেন্দি। অপর গোলটি করেন সুইডিশ স্ট্রাইকার ভিক্টর গিওকেরেস।
নিজেদের মাঠ এমিরেটসে শুরু থেকেই আক্রমণে প্রতিপক্ষকে ব্যস্ত রাখে স্বাগতিকরা। ২৯ মিনিট থেকে টানা তিনটি কর্নার পায় গানার্সরা। (৩২ মিনিটে) তৃতীয় কর্নার থেকে ডান পায়ের বুলেট গতির শটে গোল করেন জুবেমেন্দি।
দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করেন গিওকেরেস। এবরেচি এজের পাস থেকে ডান পায়ের শটে গোল করেন গিওকেরেস। ৭৯ মিনিটে বদলি নেমেই দলের তৃতীয় গোলে অবদান রাখেন লিয়ান্দ্রো ট্রোসার্ড। তার ক্রস থেকে বক্সের ভেতর লাফিয়ে হেডে বল জালে পাঠান জুবেমেন্দি। রিয়াল সোসিয়াদাদ থেকে এবার দল-বদলে আর্সেনালে আসা জুবেমেন্দি দলের প্রথম তিন লিগ ম্যাচে কিছু না করলেও নটিংগ্যামের বিপক্ষে দারুণ পারফরম্যান্স করলেন।
এই ম্যাচ দিয়ে নটিংহ্যামের কোচ হিসেবে যাত্রা শুরু করেছেন আগনে পস্তেকোগলু। চার ম্যাচ থেকে তিন জয়ে ৯ পয়েন্ট আর্সেনালের। নটিংহ্যামের চার ম্যাচে ৪ পয়েন্ট।