দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান ও আবাহনীর আসছে ফেডারেশন কাপের গ্রুপ পর্বের পথচলা হতে যাচ্ছে দুই রকম। মোহামেডান পড়েছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের গ্রুপে। তুলনামূলকভাবে মসৃণ পথ পেয়েছে গতবারের রানার্সআপ আবাহনী।
বাফুফে ভবনে অনুষ্ঠিত ড্রয়ে টুর্নামেন্টে রেকর্ড ১২ বারের চ্যাম্পিয়ন আবাহনীর সাথে ‘এ’ গ্রুপে আছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি, ব্রাদার্স ইউনিয়ন, ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব ও পিডব্লিউডি স্পোর্টস ক্লাব।
এই গ্রুপে ব্রাদার্স ইউনিয়ন তিনবারের সাবেক চ্যাম্পিয়ন, তবে সবশেষ গোপীবাগের দলটি এই শিরোপার স্বাদ পেয়েছিল ২০০৫ সালে। রহমতগঞ্জ দুইবারের রানার্সআপ, সবশেষ ২০২১-২২ মৌসুমে।
‘বি’ গ্রুপে কিংস ও মোহামেডানের সাথে আছে ফর্টিস এফসি, বাংলাদেশ পুলিশ এফসি ও আরামবাগ ক্রীড়া সংঘ। সর্বোচ্চ শিরোপায় জয়ের তালিকায় আবাহনীর পেছনেই আছে মোহামেডান, ১১টি। কিংস এ পর্যন্ত এই ট্রফি চারবার ঘরে তুলেছে। ফেডারেশন কাপের তিনবার ফাইনালে উঠে আশা জাগিয়েও পারেনি আরামবাগ, সবশেষ ২০১৬ সালে তারা হেরেছিল আবাহনীর কাছে।
আগামী ১৯ সেপ্টেম্বর বাংলাদেশ চ্যালেঞ্জ কাপ দিয়ে মাঠে গড়াবে ২০২৫-২৬ মৌসুমের ঘরোয়া ফুটবল। ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে ফেডারেশন কাপ। এর ৩দিন পর ২৬ সেপ্টেম্বর শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ।
ফেডারেশন কাপে দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ চার দল খেলবে কোয়ালিফায়ার্স। দুই গ্রুপ চ্যাম্পিয়ন খেলবে কোয়ালিফায়ার্স-১ ম্যাচ। জয়ী দল উঠে যাবে ফাইনালে। এলিমিনেটর খেলবে দুই গ্রুপের রানার্সআপ দুই দল। কোয়ালিফায়ার্স-২ এ এলিমিনেটর ম্যাচের জয়ী দল খেলবে কোয়ালিফাইয়ার্স-১ এ পরাজিত দলের বিপক্ষে। এই ম্যাচে জয়ী দল উঠবে ফাইনালে।
শনিবার ড্র অনুষ্ঠানে গত মৌসুমে আলো ঝলমলে পারফরম করা ফুটলারদের মধ্যে পুরষ্কারও বিতরণ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
২০২৪-২৫ মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সেরা গোলকিপার হয়েছেন আবাহনীর মিতুল মার্মা। সর্বোচ্চ গোলাদাতার পুরস্কার বুঝে পেয়েছেন রহমতগঞ্জের স্যামুয়েল বোয়াটেং। লিগের সেরা খেলোয়াড় হয়েছেন মোহামেডানের শিরোপা জয়ের কারিগর সুলেমানে দিয়াবাতে। সেরা কোচ আলফাজ আহমেদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফে সিনিয়র সহ-সভাপতি ও প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মো. ইমরুল হাসান, কমিটির ডেপুটি চেয়ারম্যান ও বাফুফে সদস্য জাকির হোসেন চৌধুরী। আরও ছিলেন কার্যনির্বাহী কমিটির সদস্য টিপু সুলতান, মো. মবুরুল করিম, ইমতিয়াজ হামিদ সবুজ, ছাইদ হাসান কানন ও মো. সাইফুর রহমান মনি। এছাড়া প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির সদস্য ইকরামুজ্জামান চৌধুরী, মো. সেলিম, মনিম মুবাশশিরসহ সংশ্লিষ্ট ক্লাব ও সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।