‘ভাঙ্গা-বরিশাল রেললাইনের কাজ দ্রুত শুরু হচ্ছে’

বরিশাল বিভাগের উন্নয়ন, যোগাযোগব্যবস্থা ও ঐতিহ্য রক্ষায় যুগান্তকারী ঘোষণা দিয়েছেন নৌ-পরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ভাঙ্গা থেকে পটুয়াখালী পর্যন্ত ছয় লেনের আধুনিক মহাসড়ক নির্মাণ করা হবে, যা দক্ষিণাঞ্চলের অর্থনীতি ও পর্যটনে নতুন দিগন্ত উন্মোচন করবে। একই সঙ্গে ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত রেললাইন নির্মাণের কাজ দ্রুত শুরু হচ্ছে।

গতকাল শনিবার দুপুরে বরিশাল নগরীর বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি বলেন, ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত রেলওয়ের ডিপিপি আগে থেকেই দেওয়া আছে। রেলওয়ে কর্তৃপক্ষ আপাতত বরিশাল পর্যন্ত কাজ করার পরিকল্পনা জানিয়েছে। তবে বরিশাল থেকে পটুয়াখালী পর্যন্ত রেললাইন নির্মাণে বিপুল অর্থ প্রয়োজন হবে। তাই এ পরিকল্পনা চূড়ান্ত হতে দুই থেকে তিন বছর সময় লাগতে পারে। এ কারণে তার দায়িত্বকালেই পরিকল্পনাটি সম্পন্ন ও অনুমোদিত করার বিষয়ে তিনি গুরুত্ব দিচ্ছেন।

স্টিমার ঘাট ও ঐতিহ্য রক্ষা প্রসঙ্গে তিনি স্মৃতিচারণ করে বলেন, ‘আপনারা জানেন, বরিশালে একটি স্টিমার ঘাট ছিল। ১২৫-১৩০ বছরের পুরনো জাহাজ, যেটাকে স্টিমার বলা হতো। আশা করি অক্টোবরের মাঝামাঝি আমি নিজেই স্টিমারে চড়ে বরিশালে আসতে পারব। এটা আমাদের ঐতিহ্যবাহী জাহাজ। বিদেশে এই ধরনের জাহাজ ভেঙে ফেলা হয় না। কিন্তু বরিশালের মানুষ যা পায় তাই ভেঙে ফেলে। এগুলো রক্ষা করা উচিত। কারণ এটি পর্যটনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

বিপিএল খেলা আয়োজনের পরিকল্পনা তিনি বরিশালে বিপিএলের একটি খেলা আয়োজনের ইচ্ছা প্রকাশ করে জানান, খেলোয়াড়দের বিআইডব্লিউটিসির স্টিমারে করে আনা-নেওয়া ও আপ্যায়নের উদ্যোগ নেওয়া হবে।