জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু শিক্ষার্থীদের যেকোনো চাহিদা ও আশা-আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
তিনি বলেন, শিক্ষার্থীরা আমার ওপর যে আস্থা রেখেছেন, সেখান থেকে আমি অবশ্যই তাদের চাওয়া-পাওয়াকে গুরুত্ব দিয়ে সব সময় কাজ করার চেষ্টা করব। আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নে কখনো আপস করিনি, ভবিষ্যতেও করব না।
শনিবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে চূড়ান্ত ফলাফল ঘোষণার পর তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
এক প্রশ্নের জবাবে আব্দুর রশিদ জিতু বলেন, যারা ভোট বর্জন করেছে, তারাও এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমার প্রথম কাজ হবে দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক বিশ্ববিদ্যালয় গড়ে তোলা। যেখানে সবার চিন্তা-ভাবনা স্থান পাবে এবং আমরা মিলে গড়ে তুলব আগামীর নতুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)।
নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে জিতু বলেন, নির্বাচন শতভাগ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়েছে। যদিও কিছু ক্ষেত্রে অব্যবস্থাপনা ও ত্রুটি ছিল।
তিনি আরও বলেন, সবকিছুর পরেও ৩৩ বছর পর এই নির্বাচন আয়োজন প্রশাসনের জন্য ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন শতভাগ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিয়েছেন। আর যারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, ভরাডুবির আশঙ্কায় তারা সরে দাঁড়িয়েছেন।
আব্দুর রশিদ জিতু বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী এবং গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক।
তিনি জুলাই গণঅভ্যুত্থানে প্রথম থেকে সোচ্চার ছিলেন। এমনকি গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে শিক্ষার্থীদের স্বার্থে যৌক্তিক সব আন্দোলনের প্রথম সারিতে ছিলেন তিনি। মূলত জুলাই আন্দোলন থেকে তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে জাবি ক্যাম্পাসে।
কোটা সংস্কার আন্দোলনের আগে জিতু ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকলেও আন্দোলনের সময় সর্বপ্রথম ছাত্রলীগের হাতে মার খেয়ে আহত হন। পরবর্তী সময়ে আরিফ সোহেল আটক হলে বৈষম্যবিরোধী আন্দোলনের ব্যানারে ‘ফার্স্ট ম্যান’ হিসেবে ৫ আগস্ট পর্যন্ত জাবির আন্দোলন পরিচালনা করেন। পরে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক পদ থেকে পদত্যাগ করে ‘গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন’ নামে প্ল্যাটফর্মের সূচনা করেন। এই প্ল্যাটফর্ম থেকে ক্যাম্পাসের বিভিন্ন কর্মসূচিতে নেতৃত্ব দেন তিনি।