রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় গ্রেপ্তারের পর হাইকোর্টে জামিন চেয়েছেন।
রবিবার (১৪ সেপ্টেম্বর) বিচারপতি মহিউদ্দিন শামীম ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চে তার এ আবেদন শুনানির জন্য তালিকাভুক্ত রয়েছে।
গত ৬ আগস্ট ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিবি) গোয়েন্দা শাখা। এরপর তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। গত ৪ সেপ্টেম্বর মহানগর বিশেষ জজ আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করলে তিনি হাইকোর্টে জামিনের জন্য আবেদন করেন।
দুদকের ঢাকা-১ জেলা কার্যালয়ের দায়ের করা মামলার অভিযোগ অনুযায়ী, ৬ জুন ২০২৫ রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিশেষ উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগে সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহ ও অপর সাবেক উপাচার্য অধ্যাপক এ কে এম নূর-উন-নবীসহ পাঁচজনকে আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, শেখ হাসিনা ছাত্রী হল এবং ড. ওয়াজেদ মিয়া রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ভবন নির্মাণ প্রকল্পে প্রায় চার কোটি টাকার অনিয়ম ও আত্মসাতের ঘটনা ঘটেছে।
মামলার অন্যান্য আসামিরা হলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক নির্বাহী প্রকৌশলী ও দরপত্র মূল্যায়ন কমিটির সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম, ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. আবদুস সালাম বাচ্চু এবং এম এম হাবিবুর রহমান।
অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন। এর আগে ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত অধ্যাপক এ কে এম নূর-উন-নবী উপাচার্য হিসেবে দায়িত্বে ছিলেন।