দুবাইয়ের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদের পরিকল্পনা ভারতের

এশিয়া কাপ ২০২৫–এ ভারত-পাকিস্তান লড়াই ঘিরে চলছে উত্তাপ। রাজনৈতিক টানাপোড়েনের কারণে ম্যাচটি বয়কট করার আহ্বান জানানো হলেও শেষ পর্যন্ত মাঠে নামছে দুই দল। তবে, সুর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় শিবির প্রতীকী প্রতিবাদের প্রস্তুতি নিচ্ছে—এমন তথ্য জানিয়েছে ভারতীয় টিভি এনডিটিভি।

সূত্রের উদ্ধৃতি দিয়ে এনডিটিভি জানিয়েছে, রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গ্রুপ পর্বের এই ম্যাচে ভারতীয় খেলোয়াড়রা কালো আর্মব্যান্ড পরা কিংবা প্রতিপক্ষ খেলোয়াড়ের হাত মেলানো থেকে বিরত থাকার মতো প্রতীকী প্রতিবাদ করতে পারেন।

ভারতীয় ড্রেসিংরুমের পরিবেশও এখন কিছুটা গম্ভীর। শীর্ষ বিসিসিআই কর্মকর্তারা জানেন, সাধারণ সমর্থকের আবেগ কী রকম। তাই খেলোয়াড়রা এ ম্যাচকে প্রতীকী প্রতিবাদের মাধ্যমে বিশ্ববাসীর কাছে বার্তা পৌঁছে দেওয়ার সুযোগ হিসেবে নিতে পারেন।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ভারতের সহকারী কোচ রায়ান টেন ডেশকাটে বলেছিলেন, 'আমরা অবশ্যই জনমতের ব্যাপারে সচেতন। গৌতির (গৌতম গম্ভীর) বার্তা সবসময়ই পেশাদার—যা আমাদের নিয়ন্ত্রণে নেই, তা নিয়ে ভাবতে হবে না।'

তিনি আরও যোগ করেন, “আমার কোনো সন্দেহ নেই, খেলোয়াড়রাও ভারতের মানুষের অনুভূতি এবং সহমর্মিতা ভাগ করে নেয়।”