সারের দাবিতে সড়ক অবরোধ, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় সারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কৃষকরা। এসময় উপজেলা কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখেন তারা।  

রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সোনাহাট সেতু সংলগ্ন শহীদ মোড় এলাকায় গাছের গুড়ি ফেলে সোনাহাট স্থলবন্দর সড়ক অবরোধ করে এ বিক্ষোভ কর্মসূচি পালন করে কৃষকরা।

এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এক সময় বিক্ষোভকারীরা ভূরুঙ্গামারী উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সারোয়ার তৌহিদকে অবরুদ্ধ করে রাখে।

কৃষকরা জানান, তীব্র সার সংকট দেখা দিয়েছে। রোপা আমন ধানে সার দিতে না পারছেন না তারা। সার পাওয়া গেলেও গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। ভরা মৌসুমে জমিতে সার দিতে না পারলে বড় ক্ষতির মুখে পড়বেন বলে জানান তারা।

এ বিষয়ে জানতে কৃড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুনের মোবাইল ফোনে একাধিক বার কল করে তাকে পাওয়া যায়নি।