সিরাজগঞ্জে বাবা হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাবা হত্যার দায়ে ছেলে রেজাউল করিম লাবুকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। এই মামলায় অপর দুই আসামিকে তিন মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত রেজাউল করিম লাবু (৪২) সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের কৈমাঝুরিয়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে। 

কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-রেজাউল করিম লাবুর সৎ মা ও মৃত ইদ্রিস আলীর স্ত্রী মোছা. রেনুকা বেগম এবং লাবুর স্ত্রী মোছা. ইসমত আরা বেগম। 

মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৩ মার্চ ভোররাতে নিজের শোয়ার ঘর থেকে নিখোঁজ হন ইদ্রিস আলী। একদিন পর ৪ মার্চ দুপুরে পাশের গ্রামের একটি পুকুর থেকে ইদ্রিস আলীর গলা ও পায়ে রশি পেঁচানো মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত ইদ্রিস আলীর ছেলে রেজাউল করিম লাবু বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার তদন্ত শেষে তদন্তকারি কর্মকর্তা মো. হুমায়ুন কবির বাদী রেজাউল করিম লাবু তার সৎ মা রেনুকা বেগম ও স্ত্রী ইসমত আরা বেগমকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। পরবর্তীতে আদালতে লাবুর দেওয়া জবানবন্দি ও একাধিক সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান,পারিবারিক দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।