অনেকদিন পর বড় টুর্নামেন্টের ভেন্যু হয়েছিল বগুড়া। শহরজুড়ে ছিল উৎসবের আমেজ, ক্রিকেটপ্রেমীদের চোখে মুখে খুশির ঝিলিক। কিন্তু সেই আনন্দে পানি ঢেলে দিল বেরসিক বৃষ্টি। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচটি টানা বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে।
রবিবার দুপুরে সিলেট ও রংপুরের মুখোমুখি হওয়ার কথা ছিল। সকাল থেকে একটানা বৃষ্টিতে টস করার মতো পরিস্থিতিও তৈরি হয়নি। নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর ম্যাচ অফিসিয়ালরা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন। এ কারণে সিলেটের জার্সিতে মাঠে নামার অপেক্ষায় থাকা মুশফিকুর রহিমকে আর ঘরের মাঠে দেখা যায়নি।
মুশফিকের সেই আক্ষেপ যেন আরও স্পষ্ট হয়ে ধরা দেয়। গালে হাত দিয়ে মাঠের মাঝে বসে থাকতে দেখা যায় তাকে। দীর্ঘদিন পর ঘরের (যদিও ভিন্ন দলের হয়ে) মাঠে নামার অপেক্ষায় ছিলেন তিনি।
খেলা পরিত্যক্ত হওয়ার সঙ্গে সঙ্গে বগুড়ার দর্শকদের জন্য এলো আরেক দুঃসংবাদ। আগামী দুই দিনের সূচিও এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সোমবারের ঢাকা–বরিশাল ও মঙ্গলবারের ঢাকা–রংপুর ম্যাচ অনুষ্ঠিত হবে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে।
এই স্টেডিয়ামে প্রথম দিনের ম্যাচটি কমিয়ে ৫ ওভারে করা হয়। যে ম্যাচে নাইম শেখের ঢাকা মেট্রোর কাছে হেরে যায় স্বাগতিক রাজশাহী।