চট্টগ্রামের আনোয়ারায় সাড়ে ৩ ভরি চোরাই স্বর্ণসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৪ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার রায়পুর ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চোরাই স্বর্ণসহ নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার দুইজন হলেন উপজেলার রায়পুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে আজিজুর রহমান বাবুল (৪১) ও একই এলাকার দুদু মিয়ার ছেলে শওকত হোসেন (৩১)।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, উপজেলা সদরের জয়কালী বাজারের একটি ভাড়া বাসায় চুরির ঘটনায় ভুক্তভোগী মামলা দায়ের করলে পুলিশ চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ তাদের গ্রেপ্তার করে। আইনি প্রক্রিয়া শেষে রবিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।