গুঞ্জন উড়িয়ে দিলেন মার্গট রবি

২০২৩ সালের বক্স অফিস মাত করা হলিউড সিনেমা ‘বার্বি’র সিক্যুয়াল নির্মিত হচ্ছে- অনেকদিন ধরেই এমন গুঞ্জন চলছে। তবে সেই গুঞ্জনকে উড়িয়ে দিলেন সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা অভিনেত্রী মার্গট রবি। ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শিগগিরই ‘বার্বি ২’ প্রেক্ষাগৃহে আসছে না। 

স্টেলার ম্যাগাজিনকে দেওয়া সবশেষ সাক্ষাৎকারে রবি বলেন, ‘বার্বি এমন একটি সিনেমা যা তার পূর্ণ সম্ভাবনায় পৌঁছেছে। আমি যা আশা করেছিলাম, তার সবই ঘটেছে। এর চেয়ে সন্তোষজনক কিছু হতে পারে না।’ এরপর বার্বির সিকুয়েল নিয়ে কোনো পরিকল্পনা আছে কি না জানতে চাইলে অভিনেত্রী বলেন, ‘এখনই কিছু নেই।’ 

সম্প্রতি স্বামী টম অ্যাকারলির সঙ্গে প্রথম সন্তানের জন্ম দিয়েছেন রবি। মাতৃত্ব প্রসঙ্গে অভিনেত্রী জানান, ‘এটি এমন কিছু যা সন্তান থাকা মানুষরা সহজেই বোঝেন। আর যারা বোঝেন না, তাদের কাছে বিষয়টি বিরক্তিকর মনে হতে পারে। তবে আমার কাছে এটি জীবনের সেরা অনুভূতি।’