আইটেম গার্ল সামিরা মাহি

এবার ভিন্ন অবতারে হাজির হচ্ছেন ছোটপর্দার এই সময়ের ব্যস্ত অভিনেত্রী সামিরা খান মাহি। প্রথমবারের মতো আইটেম গানে পারফর্ম করলেন তিনি। সিনেমার গানে নয়, দীপ্ত টিভির নতুন সিরিজ ‘খুশবু’-তে আইটেম গার্ল হিসেবে দেখা যাবে তাকে। সোমবার (১৫ সেপ্টেম্বর) থেকে প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০ ও রাত ১০টা ৩০ মিনিটে সিরিজটির প্রচার শুরু হচ্ছে। 

জানা গেছে, সিরিজে মাহির চরিত্র মূলত ঢাকাই সিনেমার ব্যস্ত নায়িকা তিতলি মির্জা হিসেবে! সিরিজের একটি দৃশ্যে দেখা যাবে, আইটেম গানের শুটিংয়ে অভিনয় করছেন তিতলি। জীবনের কঠিন মুহূর্তে গ্রাম থেকে শহরে আসা এক তরুণীর নানা সংগ্রামকে ঘিরে গড়ে উঠেছে এই মেগা সিরিয়ালের গল্প। 

সাজ্জাদ সুমনের পরিচালনায় ‘খুশবু’ সিরিয়ালে সামিরা খান মাহি ছাড়াও অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, ইন্তেখাব দিনার, নাজিয়া হক অর্ষা, মাইমুনা ফেরদৌস মম প্রমুখ। নির্মাতার বলেন, ‘নানা পেশার মানুষের জটিল জীবন গল্পের ভিড়ে অনেকটাই অজানা থেকে যায় গার্মেন্টসকর্মীদের কথা। এবার তাদের সংগ্রাম, সুখ-দুঃখ, ভালোবাসা ও ঘৃণার দিকগুলো উন্মোচিত হবে এই সিরিজের মাধ্যমে। এর পাশাপাশি থাকছে রূপালি পর্দার আড়ালে থাকা সিনেমার মানুষদের গল্পও।’ 

এতে নাম ভূমিকায় দীপ্ত স্টার হান্ট বিজয়ী মিষ্টি ঘোষ ছাড়াও ‘খুশবু’র বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্র থাকছে আরেক বিজয়ী সাকিব হোসাইন, টপ পারফর্মার সায়র নিয়োগী, শেখ ফারিয়া হোসেন ও মারিয়া মউ। কাজী মিডিয়ার প্রযোজনায় নির্মিত ‘খুশবু’র গল্প ও চিত্রনাট্য লিখেছেন আহমেদ খান হীরক ও আসফিদুল হক, সংলাপ লিখেছেন মোঃ মারুফ হাসান। লাইন প্রডিউসার হিসেবে যুক্ত রয়েছেন মাসুদ মিয়া।