পদ্মা সেতুতে আজ থেকে আর লাইনে দাঁড়িয়ে টোল দিতে হবে না

বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম পদ্মা সেতুর টোলে যুক্ত হতে যাচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি। যা ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম নামে পরিচিত। এখন থেকে আর টোল গেটের সামনে থেমে লাইন ধরার প্রয়োজন নেই। গাড়ি চলন্ত অবস্থাতেই স্বয়ংক্রিয়ভাবে কেটে যাবে টোল।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। 

আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে পরীক্ষামূলকভাবে এই নন-স্টপ ইটিসি সিস্টেম চালু হবে।

ইটিসি ব্যবহারের জন্য প্রথমে ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ‘ট্যাপ’ অ্যাপে যেতে হবে। এরপর ‘ডি-টোল’ অপশনে গিয়ে গাড়ির রেজিস্ট্রেশন ও রিচার্জ সম্পন্ন করতে হবে। এরপর পদ্মা সেতুর নির্ধারিত ‘আরএফআইডি বুথে’ গিয়ে একবারের জন্য ট্যাগ চেক ও রেজিস্ট্রেশন করলেই কার্যক্রম শেষ।

এরপর ব্যবহারকারীরা কমপক্ষে ৩০ কিলোমিটার/ঘণ্টা গতিতে ইটিসি লেন দিয়ে চলাচল করলে স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত টোল কেটে নেওয়া হবে তাদের অ্যাকাউন্ট থেকে। ভবিষ্যতে ট্যাপ অ্যাপ ছাড়াও অন্যান্য ফাইন্যান্সিয়াল অ্যাপের সঙ্গে এই সেবা যুক্ত করার কাজ করছে আইসিটি বিভাগের এটুআই প্রকল্প। এটি দেশের ডিজিটাল রূপান্তরের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক শেখ ইশতিয়াক আহমেদ বলেন, নন-স্টপ ইটিসি সোমবার দুপুর ২টা থেকে লাইভ পাইলটিং আকারে চালু হচ্ছে। প্রাথমিকভাবে ১০ থেকে ১৫ দিন এই লাইভ পাইলটিং চলবে। এরপর উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এটি চূড়ান্তভাবে ঘোষণা দিয়ে স্থায়ীভাবে চালু করা হবে। আমরা একে ‘লাইভ পাইলটিং’ বললেও ব্যবহারকারীরা তাদের গাড়ি নিয়ে রেজিস্ট্রেশনের মাধ্যমে স্বয়ংক্রিয় লেন ব্যবহার করে নন-স্টপ পারাপারের সুযোগ পাবেন। এর জন্য ‘ট্রাস্ট অ্যান্ড পে (TAP)’ অ্যাপ ডাউনলোড করতে হবে। ব্যাংকে একাউন্ট থাকা বাধ্যতামূলক নয়। অ্যাপে ক্রেডিট কার্ডসহ বিভিন্ন পদ্ধতিতে রিচার্জ করার সুযোগ থাকবে।