মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা

মাদারীপুরের শিবচর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে রাকিব (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার প্রতিপক্ষের উপরে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে শিবচর বাজারের প্রধান সড়কের ইউসিবি ব্যাংকের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাৎক্ষণিকভাবে ভাইরাল হয়েছে। এতে পৌর এলাকার ছড়িয়ে পড়ে আতঙ্ক। 

নিহত রাকিব মাদবর চরশ্যামাইল (জয় বাংলা ব্রিজ সংলগ্ন) এলাকার নাসির মাদবরের ছেলে এবং একই এলাকার ইবনে সামাদ হত্যা মামলার আসামি। গত ১২ দিন আগে সে জামিনে এসেছে বলে জানা যায়।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, রাত ৮টার দিকে শিবচর পৌর বাজারের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) সামনে দাঁড়িয়ে ছিলেন রাকিব মাদবর। এ সময় চাইনিজ কুড়াল ও দা নিয়ে ৫-৬ জন দুর্বৃত্ত প্রকাশ্যে রাকিবের ওপর অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে জখম করে। 

পরে রাকিব সড়কে লুটিয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর অবস্থায় উদ্ধার করে ওই যুবককে শিবচর ১০০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। খবর পেয়ে শিবচর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছাই। পূর্ব শত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে কারা জড়িত তা খুঁজে বের করা হচ্ছে। 

উল্লেখ্য, গত ৬ মে শত্রুতার জেরে উপজেলার চরশ্যামাইল সর্দারকান্দি এলাকার কালাম সর্দারের ছেলে ইবনে সামাদকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন।