জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে সারাদেশে কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এ কর্মসূচির ঘোষণা দেন।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১৮ সেপ্টেম্বর ঢাকায়, ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহর ও ২৬ সেপ্টেম্বর সারাদেশে বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করবে দলটি।
সৈয়দ আব্দুল্লাহ তাহের বলেন, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আন্দোলনের পাঁচ দফা গণদাবি জাতির সামনে তুলে ধরছি-
- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে হবে।
- আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয়কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে।
- অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।
- ফ্যাসিস্ট সরকারের সব জুলুম ও গণহত্যা, দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে।
- স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল বুদ্ধিজীবী, সাংবাদিক, কলামিস্ট, গবেষক, শিক্ষাবিদ ও নানা শ্রেণিপেশার মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবির সঙ্গে একমত পোষণ করেছেন। এমতাবস্থায় জনগণের দাবি আদায়ের জন্য গণআন্দোলনের কোন বিকল্প নেই। তাই আমাদের এই কর্মসূচি ঘোষণা।