বিএনপি নেতার দোকানে সরকারি চাল, জরিমানা

চাঁদপুরের ফরিদগঞ্জে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল মজুদ করা ও বিক্রির অপরাধে এক দোকান মালিককে ৩ মাসের কারাদণ্ড এবং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদককে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গোয়ালভাওর বাজারে উপজেলা প্রশাসন এই অভিযান চালায়। এ সময় দোকানে অবৈধভাবে মজুদ রাখা প্রায় প্রায় ৩ টন চাল উদ্ধার করা হয়। 

এই ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দোকান মালিক সাইফুল ইসলামকে ৩ মাসের কারাদণ্ড এবং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল বেপারীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। তাদের উভয়ের বাড়ি গোবিন্দপুর গ্রামে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া।

প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাইফুল ইসলামের দোকানে সরকারি চাল মজুদের খবর পেয়ে অভিযান চালানো হয়। পরে তাকে গ্রেপ্তার করলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে এই ঘটনায় সোহেল বেপারীর সম্পৃক্ততা বেরিয়ে আসে। 

এ ব্যাপারে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া বলেন, সরকারি চাল মজুদের ঘটনায় খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন ২০২৩’ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় ১ জনকে ৩ মাসের কারাদণ্ড ও অপরজনকে ৩০ হাজার টাকা আর্থিক দণ্ড প্রদান করা হয়েছে। উদ্ধারকৃত চাল জব্দ করে খাদ্য বিভাগে হস্তান্তর করা হয়েছে।

অভিযানে উপজেলা খাদ্য পরিদর্শক জামাল উদ্দিনসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।