রুকি কার্ড হলো কোনো ফুটবলারের প্রথম অফিসিয়াল লাইসেন্সপ্রাপ্ত ট্রেডিং কার্ড। এটি সাধারণত ওই খেলোয়াড়ের পেশাদার ক্যারিয়ারের প্রথম মৌসুমে প্রকাশ করা হয়। যদি ভবিষ্যতে ওই ফুটবলার বিশ্বখ্যাত ফুটবলার হন, তাহলে তার রুকি কার্ডের দাম অনেক বেড়ে যায়।
সংগ্রাহকদের কাছে তাই সেই রুকি কার্ড খুবই মূল্যবান। মেসির অভিষেক হয়েছিল ২০০৪-০৫ মৌসুমে। তখন রুকি কার্ড প্রকাশ করেছিল ইতালিয়ান প্রতিষ্ঠান পানিনি।
দুই দশকের ব্যবধানে সেই কার্ড বিক্রি হয়েছে রেকর্ড ১৫ লাখ ডলারে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৮ কোটি ২৬ লাখ টাকা। মেসির সেই রুকি কার্ডটি বিক্রি হয়েছে রবিবার।
এটি এখন ইতিহাসের সবচেয়ে দামি ফুটবল কার্ড। আগের রেকর্ডটি ছিল প্রয়াত ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের। ১৯৫৮ সালে সুইডিশ প্রতিষ্ঠান আলিফাবোলাগেট পেলের একটি রুকি কার্ড তৈরি করেছিল। ওই কার্ড ২০২২ সালে বিক্রি হয় ১৩ লাখ ৩০ হাজার ডলারে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৬ কোটি ১৯ লাখ টাকা।