ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চালক ও যাত্রী নিহত হয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মনিয়ন্দ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কসবা উপজেলার শিকারপুর গ্রামের ইয়াজুলের স্ত্রী পপি আক্তার (২৩) এবং একই উপজেলার মান্দারপুর গ্রামের হেফজু মিয়ার ছেলে, অটোরিকশা চালক সাদেক মিয়া (৩৭)।
স্থানীয়রা পুলিশকে জানান, দুপুরে অটোরিকশাটি কসবা উপজেলা থেকে যাত্রী নিয়ে পার্শ্ববর্তী মনিয়ন্দ গ্রামের দিকে যাচ্ছিল। পথে মনিয়ন্দ এলাকায় একটি অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। ধাক্কার ফলে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ছিটকে যায়। ঘটনাস্থলেই পপি আক্তার ও সাদেক মিয়া মারা যান।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত দুজনের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।