মানিকগঞ্জের শিবালয়ে বাসের ধাক্কায় রিয়াদ হোসেন নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় অপর শিক্ষার্থী আহত হয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পাটুরিয়া আরসিএল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিয়াদ হোসেন (১৬) শিবালয় উপজেলার দক্ষিণ তেওতা গ্রামের রেজাউল করিমের ছেলে ও স্থানীয় অক্সফোর্ড একাডেমির দশম শ্রেণির শিক্ষার্থী। আহত রোমান (১৬) তেওতা একাডেমিন একই শ্রেণির শিক্ষার্থী।
বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানায়, রিয়াদ ও তার তিন বন্ধু মোটরসাইকেলে করে পাটুরিয়া থেকে উথলীর দিকে যাচ্ছিলেন। পথে দ্রুতগামী সেলফি পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলের পেছন থেকে ধাক্কা দিলে শিক্ষার্থী রিয়াদ ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত রোমানকে স্থানীয় মুনু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাসচালক পালিয়ে গেলেও সেলফি পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।