আগামী মাসেই নতুন অতিথি!

বিয়ের পর থেকেই শোনা যাচ্ছে বলিউডের 'পাওয়ার কাপল' ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের ঘরে আসছে নতুন সদস্য। এসব গুঞ্জনের মধ্যে দম্পতি সব সময় নীরব থেকেছেন। তবে বিগত কিছু সময় ধরেই ক্যাটরিনা ক্যামেরায় ধরা দিচ্ছেন না। এমনকি প্রকাশ্য অনুষ্ঠানের থেকে অনেকটা দূরে সরিয়ে রেখেছেন নিজেকে। তবে নানা প্রশ্ন, জল্পনা ও গুঞ্জনকে চাপা দিয়ে রাখতে পারলেন না ভিকি কিংবা ক্যাটরিনা কেউই। 

শেষমেশ আসল সত্যটা প্রকাশ করে দিলেন এই তারকা দম্পতি। আগামী মাসের শেষের দিকে অথবা নভেম্বরের শুরুর দিকেই প্রথমবার মাতৃত্বের স্বাদ নিচ্ছেন চিকনি চামেলি’। তারকা দম্পতি যদিও এখনও এ সম্পর্কে আনুষ্ঠানিক কোনো ঘোষণা করেননি। তবে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তারা নিশ্চিত করেছেন যে ক্যাটরিনা অন্তঃসত্ত্বা। জানা গেছে, সন্তানের জন্মের পর অভিনেত্রী মাতৃত্বকালীন বিরতি নেবেন। সূত্র আরও জানিয়েছে, তিনি নিজের হাতে সন্তানের যত্ন নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। 

২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করেছিলেন ক্যাটরিনা ও ভিকি। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সেই বিয়ে ছিল স্বপ্নের মতো। বিয়ের পর থেকে দু'জনেই নিজ নিজ কেরিয়ারে ব্যস্ত থেকেছেন। ভিকি কৌশল একের পর এক ছবিতে অভিনয় করছেন, অন্যদিকে ক্যাটরিনাকে দর্শক শেষ দেখেছিলেন ‌‘মেরি ক্রিসমাস’-এ। কাজের পাশাপাশি তারা ব্যক্তিগত জীবনও সমানভাবে উপভোগ করছেন।