ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১২ লাখ টাকা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিমছাট গোপালপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি পুড়ে গেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সাগর আলীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১২ লাখ টাকা বলে জানিয়েছেন তিনি।

স্থানীয়রা জানান, দুপুর একটার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। চিৎকার শুনে প্রতিবেশীরা দৌড়ে এসে পাশের পুকুর থেকে পানি এনে প্রায় ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শী সাইফুর, ফজল ও রফিকুল বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। গরুগুলো গোয়ালঘর থেকে বের করতে পারলেও ঘরের ভেতরের কিছুই রক্ষা করা যায়নি। আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে মুহূর্তেই সবকিছু ভস্মে পরিণত হয়।

ক্ষতিগ্রস্ত গৃহকর্তা সাগর আলী কান্নাজড়িত কণ্ঠে বলেন, হঠাৎ আগুনে আমার সব শেষ হয়ে গেল। চোখের সামনে স্বপ্নের ঘরটি ভস্মীভূত হলো। ঘরে ধান, চালসহ যাবতীয় জিনিসপত্র, এমনকি আমার ছেলের শখের পালসার ১৫০ সিসি মোটরসাইকেলও পুড়ে গেছে। একটি সুতোও বের করতে পারিনি। প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল ঘটনাটি নিশ্চিত করে বলেন, ৫০ হাত সেমিপাকা ওই ঘর পুরোপুরি ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহায়তা দেওয়ার প্রয়োজন রয়েছে।