মানিকগঞ্জের শিবালয় উপজেলায় যমুনা নদী থেকে অজ্ঞাতপরিচয় (৬০) এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে আলোকদিয়া মধ্যনগর গ্রামের সংলগ্ন নদী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, বিকেলে নদীতে ভেসে থাকা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পাটুরিয়া নৌ-পুলিশ থানার উপ-পরিদর্শক (এসআই) আতোয়ার রহমান ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
নৌ-পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল দেশ রূপান্তরকে জানান, মৃত ব্যক্তির পরনে সাদা পায়জামা ছিল। লাশটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।