৭ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, বন্ধ সুবিধা

পুলিশের সাত কর্মকর্তার পদক প্রত্যাহার করেছে সরকার। ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত বিভিন্ন বছরে এসব পদক পেয়েছিলেন তারা। পদকপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে একজন ডিআইজি, তিনজন পুলিশ সুপার, দুজন অতিরিক্ত পুলিশ সুপার ও একজন পরিদর্শক রয়েছেন। অন্যদিকে, পুলিশের সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৬২ জন কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দিয়ে বিভিন্ন ইউনিটে পদায়ন করেছে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর এই সংক্রান্ত আলাদা দুটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাজশাহী রেঞ্জের সাবেক ডিআইজি মো. আনিসুর রহমান (বর্তমানে ঢাকায় নৌ পুলিশে সংযুক্ত), রংপুর রেঞ্জের সংযুক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, বরিশাল রেঞ্জের মো. নাজমুল ইসলাম, সারদা পুলিশে কর্মরত পুলিশ সুপার মো. হাফিজ আল-ফারুক, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রাজীব দাস, র‌্যাব-১৪ ময়মনসিংহে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার ও এপিবিএন-১৩ তে কর্মরত পুলিশ পরিদর্শক মো. জুলহাজ উদ্দীনের পদক প্রত্যাহার ও আর্থিক সুবিধাদি বন্ধ করা হয়েছে। পাশাপাশি এর আগে পদক সংক্রান্ত যাবতীয় অর্থ ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে।

৬২ কর্মকর্তাকে একযোগে পদায়ন : পুলিশের সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৬২ জন কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দিয়েছে সরকার। পুলিশ সদর দপ্তর পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের পুলিশের বিভিন্ন ইউনিটে পদায়ন করেছে। এর আগে গত ৮ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার একটি প্রজ্ঞাপনে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি দেওয়া হয় তাদের। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে বিসিএস ৩৪, ৩৫ ও ৩৬ ব্যাচ ও বিভাগীয় কর্তারা রয়েছেন।