‘বিলেতফেরত’ তরুণদের পার্টি ড্রাগ চক্র

রাজধানীর অভিজাত এলাকাগুলোতে অনুষ্ঠিত ডিজে পার্টিগুলোর আড়ালে গড়ে উঠেছিল ভয়ংকর এক মাদক সরবরাহচক্র। ইংল্যান্ডে পড়াশোনা শেষ করে দেশে ফেরত কিছু তরুণ প্রযুক্তি দক্ষ সদস্য এই চক্রের নেতৃত্ব দিচ্ছিলেন। চকলেটের প্যাকেটের ভেতর লুকিয়ে ডাকযোগে আনা হতো বিদেশি পার্টি ড্রাগ, যা পরে বিতরণ করা হতো উচ্চবিত্ত পরিবারের সন্তান ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীদের মাঝে।

গতকাল সোমবার দুপুরে রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা চক্রটির পাঁচ সদস্যকে গ্রেপ্তার এবং বিপুল পরিমাণ মাদক, নগদ টাকা ও ইলেকট্রনিক সরঞ্জাম জব্দের তথ্য জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেপ্তাররা হলেন, জুবায়ের (২৮), জি এম প্রথিত সামস (২৫), আসিফ মাহবুব চৌধুরী (২৭), অপূর্ব রায় (২৫) ও সৈয়দ শাইয়ান আহমেদ (২৪)।

ডিএনসির মহাপরিচালক মো. হাসান মারুফ জানান,  দীর্ঘদিন ধরে জুবায়ের (২৮) নামে এক ব্যক্তির নেতৃত্বে প্রযুক্তিদক্ষ, উচ্চবিত্ত পরিবারের সন্তান এবং ইংলিশ মিডিয়াম ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া আরও কয়েকজন মিলে একটি চক্র গড়ে তোলে। তারা কুশ, গাঁজা, এমডিএমএ ও কিটামিনসহ নানা ধরনের পার্টি ড্রাগ উন্নত দেশ থেকে পার্সেলযোগে দেশে এনে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে ডিজে পার্টি ও অভিজাত সমাজে সরবরাহ করছিল।