আরাকান আর্মিও জড়িয়ে পড়েছে মাদক চোরাকারবারে

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রামুর সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ জানিয়েছেন, আরাকান আর্মি ইয়াবা চোরাকারবারিতে জড়িয়ে পড়েছে। তাদের মাধ্যমেই দেশে ইয়াবা ঢুকছে। গতকাল সোমবার কক্সবাজারে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

কমান্ডার কর্নেল মহিউদ্দিন বলেন, রোহিঙ্গারাই মূলত সীমান্ত দিয়ে ইয়াবা পারাপারের সঙ্গে জড়িত। তারা দ্রুত স্থান পরিবর্তন করে, এজন্য ধরা কঠিন হয়ে পড়ে। এ ছাড়া আরাকান আর্মিও ইয়াবা চোরাকারবারের সঙ্গে জড়িয়ে পড়েছে। এর সঙ্গে আমাদের দেশের কিছু অসাধু ব্যক্তি আরাকান আর্মির কাছ থেকে ইয়াবা আনছে, যা দেশের জন্য বড় হুমকি।

লিখিত বক্তব্যে তিনি বলেন, উপকূলীয় এলাকায় মাদক চোরাকারবার এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। উখিয়া-টেকনাফ সীমান্তে কঠোর নজরদারির কারণে চোরাকারবারিরা এখন সমুদ্রপথ বেশি ব্যবহার করছে। আমাদের ধারণা, মহেশখালী, বাঁশখালী, কুতুবদিয়া, আনোয়ারা ও কুয়াকাটা উপকূল হয়ে প্রায় ৮০ শতাংশ মাদক বাংলাদেশে প্রবেশ করছে। এসব রুট দিয়ে শুধু দেশের অভ্যন্তরে নয়, অন্য দেশেও মাদক পাচার হচ্ছে, যা আমাদের তরুণ প্রজন্ম ও অর্থনীতির জন্য ভয়াবহ হুমকি।

‘নাইক্ষ্যংছড়ি সীমান্তও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে’ উল্লেখ করে বিজিবি কমান্ডার বলেন, দুর্গম এলাকা ও দুর্বল যোগাযোগব্যবস্থার কারণে ওই এলাকায় নজরদারি করা খুব চ্যালেঞ্জিং।