নাশকতার দুই মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির ১০৬ নেতাকর্মীকে অব্যাহতি দিয়েছে আদালত। এর মধ্যে শাহবাগ থানার একটি মামলায় ৭৭ জন এবং রমনা থানার একটি মামলায় মির্জা ফখরুলসহ ২৯ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গত রবিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ ছয় বছর আগে শাহবাগ থানার মামলায় পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে মির্জা ফখরুল, দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ ৭৭ জনকে অব্যাহতির আদেশ দেন। চলতি বছরের ১০ মে এ মামলায় আসামিদের অব্যাহতির আরজি জানিয়ে চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ।
মামলার অভিযোগে জানা যায়, ২০১৯ সালের ১২ ডিসেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানির দিন ধার্য ছিল। ১১ ডিসেম্বর শাহবাগ থানাধীন বাংলাদেশ বার কাউন্সিলের নির্মাণাধীন প্রধান ফটকের সামনে ‘দুষ্কৃতকারীরা’ মোটরসাইকেলসহ যানবাহনে অগ্নিসংযোগ করে ক্ষতিসাধন করে। জামিন শুনানির রায়কে প্রভাবিত করার লক্ষ্যে এবং বিচার বিভাগকে চাপ প্রয়োগের জন্য মোটরসাইকেলে অগ্নিসংযোগ করার অভিযোগে শাহবাগ থানার এসআই (উপপরিদর্শক) শামছুর রহমান এ মামলাটি করে।
এদিকে রমনা থানার একটি মামলায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান গতকাল বিএনপির ২৯ জন নেতাকর্মীকে অব্যাহতি দিয়েছেন।