নাসিরনগরে ১৪০ বস্তা সরকারি চাল জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অভিযান চালিয়ে খাদ্যগুদামের কাছাকাছি একটি দোকান থেকে প্রায় পাঁচ হাজার কেজি সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই দোকান থেকে দুই শ্রমিককে আটক করা হয়।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের মহাখালপাড়া এলাকায় থেকে চালসহ তাদেরকে আটত করে পুলিশ। 

অভিযুক্তরা হলেন- স্থানীয় ব্যবসায়ী মোতাহার মিয়া ও রহমত আলী। আটকরা হলেন- শাহা কামাল মিয়া ও জুয়েল মিয়া, দুজনই উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামের বাসিন্দা।

নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে অভিযান চালিয়ে সরকারি সিলমোহরযুক্ত ১৪০ বস্তা চাল এবং ১৫০টি খালি বস্তা জব্দ করা হয়েছে। নাসিরনগরে প্রায় ১১ হাজার উপকারভোগীর জন্য চাল বরাদ্দ রয়েছে। তবে চাল বিতরণ শুরুর আগেই চাল নিয়ে পাঁচ হাজার কেজি জব্দ করা হলো।

খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, আমাদের গুদাম থেকে নিয়মিত ডিলাররা চাল নিয়ে যাচ্ছেন এবং তাদের মাধ্যমে উপকারভোগীদের মধ্যে বিতরণ করা হচ্ছে। কীভাবে এসব সরকারি বস্তা দোকানে এলো তা দোকানদার ও সংশ্লিষ্ট ডিলাররা ভালো জানবেন।

এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো.আবুল হোসেন বলেন, আমি এখনই কিছু বলতে পারছি না। অফিসে এসে বিস্তারিত জানাতে পারব।